ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নম্বর মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামটর অংশ পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকার আশপাশে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

