ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া ক্লাব মসজিদ সংলগ্ন এলাকায় জালাল উদ্দিনের দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক সিদ্ধিরগঞ্জ থানায় তার ছেলে রুবেল (৪১), নাতি মাহিম (২০) ও ছেলের স্ত্রী মুক্তা (৩৬) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ভুক্তভোগী জালাল উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, তার ছেলে রুবেল এলাকার চিহ্নিত মাদক সেবনকারী এবং ব্যবসায়ী। পূর্বে ধার হিসেবে ভুক্তভোগীর কাছ থেকে তার ছেলে রুবেল ১০ লক্ষ টাকা নিয়েছিল। সেই টাকা দাবি করায় অভিযুক্তরা ভুক্তভোগীকে মারধর করে এবং তার ছোট ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৫ ডিসেম্বর অভিযুক্ত রুবেল ভুক্তভোগীর কাছে পুনরায় টাকা দাবি করে। তার দাবিকৃত টাকা না দেওয়ায় জালাল উদ্দিনের দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে অভিযুক্তরা। পরে গভীর রাতে অভিযুক্তরা জালাল উদ্দিনের দোকানে অগ্নি সংযোগ করে। এতে তার দোকানের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী ব্যবসায়ী জালাল উদ্দিন। ##
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, এমন অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর দোকানে অগ্নিসংযোগ থানায় অভিযোগ

