ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলা ও তাঁর শাহাদাতের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) বাদ জুম্মা মহানগরী জামায়াতে ইসলামীর আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর মিশনপাড়া চত্বর থেকে শুরু হয়ে চাষাঢ়া ও বিবি রোড প্রদক্ষিণ করে ২ নং- রেলগেট হয়ে পুনরায় চাষহাড়া বিজয়স্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। এ সময় তারা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন,ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। যারা চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মেনে নিতে পারেনি এবং পরাজিত শক্তির দোসররা সুপরিকল্পিত ভাবে তাঁকে হত্যা করেছে।
আজ তাঁর মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত।
তিনি আরও বলেন, এক হাদিকে হত্যা করে দেশের লক্ষ লক্ষ হাদিকে অন্তরালে রাখা যাবে না। আমরা ভারতকে স্পষ্ট করে বলতে চাই, প্রতিবেশীর মতো থাকুন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্তর্বতিকালীন সরকারের কাছে।
সমাবেশ শেষে নিহত শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
এসময় বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিন সহ প্রমূখ।

