ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাসের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁয়ের বিদ্যমান জনদুর্ভোগ, বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের টেকসই উপায় নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন অঞ্জন দাস।
মতবিনিময় সভায় অঞ্জন দাস তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমি নির্বাচিত হলে একটি নতুন ও আলোকিত সোনারগাঁ গড়ে তুলবো। এই জনপদকে চাঁদাবাজী, দখলবাজী, মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন, তার সবটুকুই আমি করবো। সোনারগাঁও প্রাচীন বাংলার ঐতিহাসিক রাজধানী হওয়া সত্ত্বেও উন্নয়নের দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে। বিশেষ করে এ অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি এবং আমি পরিকল্পিতভাবে এই খাতগুলোকে ঢেলে সাজাতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা পুরনো ঘুণেধরা রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই। যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়ন হবে সবার জন্য সমান।”
মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পপি রানী সরকার, নির্বাহী সমন্বয়কারী, নারায়ণগঞ্জ মহানগর গণসংহতি আন্দোলন। নাজমা বেগম, আহ্বায়ক,নারায়ণগঞ্জ জেলা, নারী সংহতি । মোমেন হাসান প্রান্ত, আহ্বায়ক, সোনারগাঁও কমিটি। মোবাশ্বির হোসাইন, সদস্য সচিব, সোনারগাঁও কমিটি।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, অসিত কুমার দাস, হাসান মাহমুদ রিপন, মোক্তার হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন, মিজানুর রহমান, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, আনিছুর রহমান, মনির হোসেন, খায়রুল আলম খোকন, আনিসুর রহমান সজিব, ইমরান হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ সোনারগাঁয়ের ঐতিহ্যের সুরক্ষা এবং আধুনিকায়নে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

