ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন তানিম নূর। নাম ‘বনলতা এক্সপ্রেস’। এর আগে পারিবারিক গল্প ঘিরে তার নির্মিত ‘উৎসব’ সিনেমা বেশ প্রশংসিত হয়। এবার তার ‘বনলতা এক্সপ্রেস’র যাত্রী হলেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা প্রমুখ। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় এবং জানানো হয় রোববার থেকে ঢাকায় শুরু হবে সিনেমাটির শুটিং। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাসে অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যায় কাহিনী। নির্মাতা সেই গল্পই পর্দায় তুলে ধরবেন, সঙ্গে থাকবে নতুন চমক। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন, ‘উৎসব’ শেষ করার পর নতুন সিনেমা নিয়ে যখন পরিকল্পনা করছিলাম, অনেকে পরামর্শ দিলো আরেকটা পারিবারিক গল্প নিয়ে কাজ করতে। তখন ভাবলাম, হুমায়ূন আহমেদের কোন গল্প নিয়ে কাজ করা যায়। সেই ভাবনা থেকেই ‘কিছুক্ষণ’ উপন্যাস নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণের প্রস্তুতি শুরু।

