ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, যারা বাংলাদেশের শত্রু আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে। যুদ্ধ হবে একাত্তরে যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, যারা রাজাকারের ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে। এই যুদ্ধে অংশগ্রহণ করতে আমরা সবাই রাজি আছি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চাষাঢ়ায় দলীয় কার্যালয়ে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত তারুণ্য প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
ফেরদাউসুর বলেন, এ জমিয়ত নেতা বলেন, ইসলামকে ডিভাইড করবেন না। ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি এই কথা বলে বাংলাদেশের জাতিকে দুইটা ভাগ করবেন না। যদি ইসলামকে ডিভাইড করেন তাহলে কিন্তু এর মাশুল আপনাদেরকে একাত্তর সনে দিতে হয় নাই, এইবার কিন্তু আপনাদের রাজপথে এটার মাশুল দিতে হবে। এই দেশের মানুষ ইসলামের প্রতি দুর্বল কথা ঠিক কিন্তু ইসলামকে ব্যবহার করলে এটা দেশের মানুষ বুঝে। ইসলামকে ব্যবহার করতে দিবো না।
তিনি আরও বলেন, আপনাদেরকে মাদকের বিরুদ্ধে ভূমিকা পালন করতে দেখা যায় না, সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা পালন করতে দেখা যায় না। নারায়ণগঞ্জে আপনারা কোন কাজের জন্য এসেছেন, নারায়ণগঞ্জবাসী এগুলো জানতে চায়। যদি দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় যেইভাবে লালিত পালিত হচ্ছেন আপনারা আপনাদেরকেও একদিন বাংলাদেশের জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে এগুলোর জবাব দিতে হবে।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি না করতে পারে সেজন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। ১৯৭১ সালে যেমন যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ সক্রিয়ভাবে স্বাধীনতা অর্জন করেছে। ঠিক তেমনিভাবে দুর্নীতি এবং একচ্ছত্র আধিপত্য থেকে মুক্ত করবার জন্যে চব্বিশের গণঅভ্যুথানে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য অংশগ্রহণ করেছিলেন। সেই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

