ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। পোস্টের মাধ্যমে তিনি একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি আল্লাহ্র প্রতি অভিনেত্রীর বিশ্বাসের কথাও জানিয়েছেন। ভাবনা লিখেছেন, একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য; যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সবকিছু দেখেন, যা সেই নারী দেখতে পায় না। তিনি আরও লিখেন, তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি, সে যখন কাঁদছিল আর পুরুষটি যখন ভান করছিল যে সবকিছু ঠিক আছে- সেই প্রতিটি মুহূর্ত। একজন পুরুষ হয়তো মনে করতে পারে সে এতই চালাক যে, তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে। কিন্তু লুকানো কিছু চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ্ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণার জীবন থেকে রক্ষা করার জন্য। সবশেষে অভিনেত্রী লিখেন, বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয় তা হলো উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ্।

