ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নূন্যতম সংশয় সৃষ্টি হওয়ার অবকাশ নেই।সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। ছাত্র-জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা আরও বলেন, বিশেষ করে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভঙ্গুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

