ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় ২নং রেল গেইটস্থ বাসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদের নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার। আলোচনার পূর্বে নেতৃবৃন্দ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন, লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন। বর্তমান সময়ে সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হন। স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নাই, সমকাজে সমমজুরি নাই। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। গত বছর জুলাই-আগস্টে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তবর্তী সরকারের ১৬মাস পরে এসেও দেখি নারী নির্যাতন লাগামহীনভাবে বেড়েই চলছে। ধর্মান্ধ সা¤প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন সীমা ছাড়িয়েছে। কথিত তৌহিদী জনতার নামে নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং করা হচ্ছে। মব সন্ত্রাসে আতঙ্ক বিরাজ করছে, দুর্নীতিগ্রস্থ-দুর্বৃত্তায়িত আদর্শহীন বুর্জোয়া রাজনীতি দেশকে আজ চরম অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দুর্গতি ও দুর্দশার জায়গায় এনে দাঁড় করিয়েছে।
ফলে নেতৃবৃন্দ বলেন, এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস।
বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩ তম মৃত্যুবার্ষিকী সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

