ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের কথা ও মানুষের কথা চিন্তা করে এই বয়সে কারাগারে গেছেন। তিনি কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাননি। কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা সামান্য সুযোগ পেলেই নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে চলে গেছে। আমাদের নেত্রী খালেদা জিয়া কখনোই জনগণকে ছেড়ে কোথাও যাননি।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ধরে রাখতে গিয়ে বহু অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। সবাই তার জন্য নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করবেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মানুষের নাম বলতে হলে দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামই প্রথমে আসে। তিনি চাইলে বহু আগেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন। কিন্তু দেশ, দল ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি কখনো সেই পথ বেছে নেননি।তারেক রহমান দেশে ফিরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা খোরশেদ হাসান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

