২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে তার আগেই সম্ভাব্য শিরোপা দাবিদারদের দিকে নজর দিয়েছে অপটা সুপারকম্পিউটার। এই বিশ্লেষণে দেখা গেছে, কোন কোন দল শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে।
ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে। এবার দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে এবং ম্যাচের সংখ্যা ৬৪ থেকে ১০৪-এ উন্নীত হয়েছে। এখনও ছয়টি খালি স্পট রয়েছে—চারটি ইউরোপীয় প্লে-অফ থেকে এবং দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আসবে।
অপটা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। তারা টানা ৩১টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত, যার মধ্যে ২৫ জয় এবং ৬ ড্র রয়েছে। এই ধারাবাহিকতা তাদের ১৭ শতাংশ সম্ভাবনা দিয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স (১৪.১%)। কিলিয়ান এমবাপ্পে এবার প্রথমবারের মতো ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তিনি ইতিমধ্যেই ৯৩ ম্যাচে ৫৫ গোল করেছেন এবং অলিভিয়ের জিরুর রেকর্ড ছাড়ানোর পথে রয়েছেন।
ইংল্যান্ড ১১.৮ শতাংশ সম্ভাবনায় শিরোপার জন্য এগিয়ে আছে। সার্বিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় দেখিয়েছে তাদের সামর্থ্য। নতুন তারকা এলিয়ট অ্যান্ডারসন ডিক্লান রাইসের সঙ্গে মিডফিল্ডে শক্তি যোগ করছেন।
আর্জেন্টিনা ৮.৭ শতাংশ সম্ভাবনায় শিরোপা জেতার সম্ভাবনা রাখছে। লিওনেল মেসি ২০২২ সালের কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন—৭ গোল ও ৩ অ্যাসিস্ট। এবার মেসির লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ জয়ের।
পর্তুগাল ৬.৬ শতাংশ সম্ভাবনায় শিরোপার দাবিদার। ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো বিশ্ব ফুটবলের আলোচনায় রয়েছেন। দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যেমন ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্ডেস, রুবেন দিয়াজ, বের্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন।
ব্রাজিল ৫.৬ শতাংশ সম্ভাবনায় আছে। তারা কনমেবল বাছাইপর্বে কিছুটা হোঁচট খেয়েছে এবং শেষ পাঁচ ম্যাচে কার্লো আনচেলত্তির অধীনে মিশ্র ফলাফল করেছে।
নেদারল্যান্ডস ৫.২ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষ ৮-এ রয়েছে। তারা তিনবার ফাইনালে উঠলেও কখনো বিশ্বকাপ জিততে পারেনি। ইউরো ২০২৪-এ সেমিফাইনালে ওঠা তাদের সাম্প্রতিক সেরা অর্জন। দলে ইংলিশ ফুটবলের প্রভাব বেশি এবং অধিকাংশ খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেলছে।
কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার

