ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মাসুদুজ্জামান মাসুদ মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপি’র সম্পদ নন তিনি গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ, সারাদেশে দলমত নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করছে এটাই প্রমাণ করে উনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
সোমবার (১লা ডিসেম্বর) বাদ আসর মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন,স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন, বহু রাজনৈতিক সংকটেও আপোষ করেননি, তিনি কখনো আমাদের ছেড়ে যাননি, জনগণের পাশেই থেকেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
মাসুদুজ্জামান বলেন, জাতীয়তাবাদী দল ছাত্রদলকে নিয়ে গর্ব করে। সেই গর্বকে জনগণের গর্বে রূপ দিতে হবে আপনাদেরই। ভলেন্টিয়ার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আপনারা মেডিকেল টিম গড়ে জনগণের সেবা করতে পারেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড,আবু আল ইউসূফ খাঁন টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপি’র সভাপতি মোঃ মাসুদ রানা, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খাঁন সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, সহ প্রমূখ ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ শিব্বীর আহম্মেদ।

