নারায়ণগঞ্জে র্যাবের পোশাক পরা দুর্বৃত্তদের বিরুদ্ধে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম রোডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মো. সজীব হোসেন (২৭) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সজীব ব্যবসার নগদ ২৫ লাখ টাকা কালো রঙের অফিস ব্যাগে নিয়ে গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে করে মদনপুরে যাচ্ছিলেন।
দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম রোডের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তার বাসটির গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে চারজন নামেন। তাদের মধ্যে দুজনের গায়ে র্যাবের পোশাক এবং বাকি দুজন সিভিল পোশাকে ছিলেন। তারা অস্ত্রের মুখে সজীবকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেন।পরে তার চোখে গামছা দিয়ে বেঁধে মারধর করেন এবং সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেন।
দুর্বৃত্তরা তাকে মারধরের পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় এবং হত্যার হুমকি দেয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, অভিযোগটি হাতে পেয়েছি।বিষয়টি তদন্ত স্বাপক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

