ছাত্র-জনতার অভ্যুত্থানে নৃশংসতার দায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সহিংসতা (অভ্যুত্থান) মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য অবশ্যই ভুল করেছেন। এছাড়া আওয়ামী লীগ কখনও অবৈধভাবে ক্ষমতা দখল করেনি বলেও দাবি করেছেন দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রশ্নের জবাবে হাসিনা বলেন, নিরাপত্তা বাহিনীর যে পদক্ষেপের কারণে মর্মান্তিক প্রাণহানি ঘটেছে, তাতে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম বলে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগগুলো আনা হয়েছে একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে, যারা তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে চুপ করিয়ে দিতে বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কাজকে সরকারের সরাসরি নির্দেশ বলে ব্যাখ্যা করাটা একটি গুরুতর ভুল ব্যাখ্যা।
হাসিনা বলেন, সহিংসতা মোকাবিলায় আইন প্রয়োগকারী বাহিনীর কিছু সদস্যের পক্ষ থেকে অবশ্যই ভুল হয়েছিল। কিন্তু আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মিনিট-টু-মিনিট কৌশলগত নির্দেশ দিচ্ছিলাম- এমন দাবি নিরাপত্তা বাহিনীর কাজের পদ্ধতি সম্পর্কে মৌলিকভাবে ভুল বোঝাবুঝিকেই নির্দেশ করে। আমি পুনরায় বলছি, আমি কখনই জনতার ওপর গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেইনি।
তিনি আরও বলেন, গত গ্রীষ্মের বিক্ষোভে প্রতিটি প্রাণের ক্ষতিতে আমি গভীরভাবে অনুতপ্ত। তখন ঢাকার আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়ে এবং সহিংস হয়ে উঠে। আমাদের পদক্ষেপের উদ্দেশ্য ছিল প্রাণহানি কমানোর পাশাপাশি সংবিধান রক্ষা করা।

